সোশ্যাল মিডিয়ায় দুই দিন ধরে একটি পোস্ট ঘুরছে, যেখানে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির হাসান মাসুদকে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। পোস্টে আরও উল্লেখ ছিল, অনুষ্ঠানে বাংলাদেশ ও অন্যান্য দেশের অনেক তারকা উপস্থিত ছিলেন এবং হাসান মাসুদ কালো দেখতে হওয়ায় তার সঙ্গে হাত মেলাননি হানিয়া।
এই বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসান মাসুদ। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানিও না। আমি অনেক দিন ধরেই কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতকর।’
উল্লেখ্য, হানিয়া আমির প্রথমবারের মতো ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন।